মাগুরায় ডোবায় ডুবল একই বাড়ির দুই শিশু

ফাইল ছবি
মাগুরা সদর উপজেলায় ডোবায় পড়ে মারা গেছে একই পরিবারের দুই শিশু। উপজেলার বুজরুক শ্রীকুন্ডী বালিয়াডাঙ্গা বটতলা এলাকায় আজ মঙ্গলবারের এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো সাত বছরের নাইম ও আট বছরের নুসরাত। নাইমের বাবা মো. জামাল বিজিবি সদস্য, কাজ করছেন কক্সবাজারে। আর নুসরাতের বাবা মো. লিটন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। দুই শিশুর বাবা সম্পর্কে চাচা-ভাতিজা।
স্বজনরা জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০ টার দিকে বাড়ির পাশের ডোবার ধারে খেলছিল নাইম ও নুসরাত। কিছুক্ষণ পর তাদের না দেখে খুঁজতে শুরু করে পরিবারের সদস্যরা।দুপুরের দিকে ডোবার পাশে তাদের জুতা-স্যান্ডেল দেখে সন্দেহ হয় স্থানীয়দের। ডোবায় নেমে ভেতর থেকে উদ্ধার করা হয় শিশুদুটিকে। মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ইমরান আহমেদ জানান, হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষা করে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সদর থানা পুলিশ।




