দিনাজপুরে তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির ঘরে

দিনাজপুরে জেঁকে বসছে শীত। ছবি: আগামীর সময়
উত্তরের জনপদ দিনাজপুরে জেঁকে বসছে শীত। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস ও ভোরের কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি। আজ শুক্রবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে তাপমাত্রার ওঠানামার মধ্য দিয়ে শীতের প্রকোপ বাড়ছে। গত বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। পরদিন গতকাল বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ১৬ দশমিক ৫ ডিগ্রিতে। আজ শুক্রবার আবারও কমে তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দিনের বেলায় সূর্যের দেখা মিললেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে হিমেল বাতাসে শীত বাড়তে থাকে। রাত যত গভীর হয়, শীতের অনুভূতিও তত তীব্র হয়।
তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলার নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে ভোরেই কাজে বের হতে হচ্ছে তাদের। সকালে শ্রমজীবী মানুষকে গরম কাপড় জড়িয়ে কাজের সন্ধানে বের হতে দেখা গেছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। দিন যত গড়াবে, তাপমাত্রা তত কমতে পারে এবং শীতের অনুভূতি আরও বাড়বে।




