কেন্দুয়ায় ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

কেন্দুয়া থানা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনে তার শরীরের বিভিন্ন অংশ গুরুতর দগ্ধ হয়েছে। এ ঘটনায় দোকানের বিভিন্ন মালামালও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ ব্যবসায়ীর নাম মো. খলিলুর রহমান (৪৫)। তিনি উপজেলার চেংজানা গ্রামের সুলতান মিয়ার ছেলে। সাহিতপুর বাজারে মনোহারি পণ্যের ব্যবসা করেন তিনি। পাশাপাশি বোতলজাত পেট্রলও বিক্রি করেন।
স্থানীয়রা জানায়, একই গ্রামের সুমন মিয়া গতকাল বৃহস্পতিবার রাতে খলিলুরের দোকানে আসেন। একপর্যায়ে দোকানের সামনে রাখা দুই লিটারের একটি বোতল থেকে পেট্রল নিয়ে খলিলুরের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন।
আগুনে খলিলুর রহমানের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




