সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসচালক রনি হত্যা, প্রধান আসামি কারাগারে

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাস চালক মো. রনি (৪১) হত্যার ঘটনায় প্রধান আসামি আল-আমিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত রবিবার রাতে নিহতের স্ত্রী আফসানা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে আল-আমিনের বাড়ির পাশের একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় এক যুবককে কাঠের স্টাম্প দিয়ে মারধর করতে দেখেন রনি ও তার স্ত্রী। এ সময় তারা দাঁড়িয়ে ঘটনাটি দেখছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে আল-আমিন তাদের অকথ্য ভাষায় গালাগাল করেন এবং মারধরের চেষ্টা করেন। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের সেখান থেকে তাড়িয়ে দেন। এ ঘটনার জের ধরে আল-আমিনের সঙ্গে রনির বিরোধ সৃষ্টি হয়।
এজাহারে আরও বলা হয়, গত ১৫ নভেম্বর সকাল সাড়ে ৫টার দিকে রনি বাসা থেকে বের হয়ে চিটাগাং রোডের রেন্ট-এ-কার স্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তেরা মার্কেটের জুয়েল রোড এলাকায় নিমাইয়ের বাড়ির সামনে পাকা সড়কে পৌঁছালে আল-আমিন ও অজ্ঞাতনামা আরও তিন-চারজন তার ওপর হামলা করেন।
এ সময় আল-আমিনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রনির মুখ, মাথা, পেট ও পিঠে উপর্যুপরি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতের স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় রনির মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক আগামীর সময়কে বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন হত্যার কথা স্বীকার করেছেন। তাকে আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



