রাজশাহীতে ৪৫ দিনের ইমাম প্রশিক্ষণ কোর্স শুরু

ছবি: আগামীর সময়
ইমাম ও মুয়াজ্জিনদের ধর্মীয় জ্ঞান, নৈতিকতা ও সামাজিক দায়িত্ব পালনের দক্ষতা বাড়াতে রাজশাহীতে শুরু হয়েছে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্স। রোববার (২৫ অক্টোবর) ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ১ হাজার ২৩৬তম দলের এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেছেন, সমাজে দ্বীনি শিক্ষা প্রচার, নৈতিকতা গঠন এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় আলেম-ওলামা, ইমাম ও মুয়াজ্জিনেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।
তিনি বললেন, বিগত ১৭ বছরে দাড়ি-টুপি ও ধর্মীয় পরিচয়ের কারণে অনেকে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। ভবিষ্যতে কেউ যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য বা নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রসঙ্গে রাসিক প্রশাসক বললেন, এই ৩১ দফা শুধু রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের পরিকল্পনা নয়। এটি মানুষের অধিকার, মর্যাদা, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি রূপরেখা। এর মূল লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিক সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি, রাজশাহীর উপপরিচালক ডা. মো. আসেম আলী। বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর বিভাগীয় পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম বলেছেন, নগরীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান এবং খেলোয়াড়দের সুযোগ সৃষ্টিতে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগ প্রশংসনীয়। পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাই মানবিক উন্নয়নের পরিচয়।
তিনি আরও বললেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাজশাহীকে আরও মানবিক, জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।



