ফানুসের আলোয় বর্ণিল রামুর প্রবারণা পূর্ণিমা

প্রবারণা পূর্ণিমায় ওড়ানো হচ্ছে ফানুস
কক্সবাজারের রামুতে রঙিন ফানুস ও বৌদ্ধ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে প্রবারণা পূর্ণিমা।
আজ রবিবার সন্ধ্যার পর রামু কেন্দ্রীয় সীমা বিহার মাঠ, মৈত্রী বিহারসংলগ্ন ছারাভিটা মাঠ ও হাজারীকুল এলাকায় আকাশে উড়ানো হয় নানা রঙের ফানুস।
এ সময় উৎসবে অংশ নেন অসংখ্য নারী-পুরুষ। ফানুসের আলো ও বর্ণিল আলোকসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বড়ুয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মহুরি ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হকসহ অনেকে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, ‘প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। বর্ষাবাস শেষে এ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধবিহারগুলোতে ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও নানা আয়োজন করা হয়। রামুর বৌদ্ধবিহারগুলোতেও এ উৎসবকে ঘিরে বিরাজ করে ধর্মীয় আবহ ও উৎসবের আমেজ।’
ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, ‘শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, প্রবারণা পূর্ণিমা পারস্পরিক শ্রদ্ধা, শান্তি, মৈত্রী ও সম্প্রীতির বার্তাও বহন করে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সহাবস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে রামুর এ উৎসব স্থানীয়ভাবে বিশেষ গুরুত্ব বহন করে।’
আকাশে রঙিন ফানুসের উড়াল আর চারপাশের আলোকসজ্জায় তৈরি হয় মনোমুগ্ধকর পরিবেশ। এ আয়োজনের মধ্য দিয়ে রামুর বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতির চিত্র ফুটে ওঠে। ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি উৎসবটি হয়ে ওঠে সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য প্রকাশ।



