বারহাট্টায় ১০০ বস্তা চায়না ডিএপি সার জব্দ

বারহাট্টার বাউসী বাজার এলাকায় ১০০ বস্তা চায়না ডিএপি সার জব্দ করেছে স্থানীয়রা। ছবি: আগামীর সময়
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় আবারও সারবোঝাই গাড়ি আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার বাউসী বাজার এলাকায় দুটি গাড়িতে থাকা ২০০ বস্তা চায়না ডিএপি সারের মধ্যে ১০০ বস্তা আটক করা হয়েছে। তবে বাকি ১০০ বস্তা নিয়ে একটি গাড়ির চালক পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা থেকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নেওয়ার পথে গাড়ি দুটি আটক করা হয়।
বাউসী বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলাম জানিয়েছেন, ধর্মপাশা থেকে কলমাকান্দায় সার নেওয়ার পথে স্থানীয়রা গাড়ি দুটি আটক করেন।
স্থানীয় বাসিন্দা রবিন মুন্নার অভিযোগ, গত ১৫ দিন ধরে এভাবে গাড়িতে করে সার পরিবহন করা হচ্ছে। চালকদের এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা উল্টো হুমকি দেন। সোমবারও দুটি গাড়িতে করে সার নেওয়ার সময় একটি আটক করা সম্ভব হলেও অন্যটি কলমাকান্দার দিকে চলে যায়।
বাউসী ইউনিয়নের বিসিআইসি সার ডিলার লিটন সাহা জানিয়েছেন, আটক করা বস্তাগুলোতে চায়না ডিএপি সার রয়েছে। বর্তমানে এ সারের ব্যাপক সংকট রয়েছে। সারটি ভালো মানের।
আটক হওয়া গাড়ির চালক আনিছ মিয়া জানিয়েছেন, গত ১৫ দিন ধরে তারা এ সড়ক দিয়ে সার পরিবহন করছেন। ধর্মপাশা বাজারের শামছু মিয়ার কাছ থেকে সার নিয়ে কলমাকান্দার খোকন মিয়ার দোকানে পৌঁছে দেওয়ার কথা ছিল তার।
এদিকে গাড়ি আটকের পর সার ছাড়িয়ে নেওয়ার চেষ্টা নিয়েও অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, কলমাকান্দায় যিনি এসব সার গ্রহণ করছিলেন, তিনি গাড়ি আটকের খবর পেয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। এ সময় নূর আলম নামে সেভ করা একটি ফোন নম্বর থেকে যোগাযোগ করে গাড়ি ছাড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। প্রয়োজনে টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে ওই ব্যক্তির বিকাশ নম্বরও চাওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে আটক করা একটি বস্তা ছিদ্র করে ভেতরের সার পরীক্ষা করেন স্থানীয়রা। তাদের দাবি, বস্তার ভেতরে চায়না ডিএপি সার পাওয়া গেছে।
এ বিষয়ে বারহাট্টা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন জানিয়েছেন, আটক করা বস্তায় সার, নাকি অন্য কোনো পদার্থ রয়েছে, তা পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। কৃষি বিভাগের অনুমতি ছাড়া এক এলাকার সার অন্য এলাকায় নেওয়ার সুযোগ নেই।




