বগুড়ায় গভীর রাতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার সময় নেতা আটক

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে দেশীয় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে আটক করা হয়। ছবি: আগামীর সময়
বগুড়ায় গভীর রাতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে দেশীয় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে। পরে তাকে মারধর করে পুলিশে দেন যুবদলের নেতাকর্মীরা।
গতকাল বুধবার রাতে বগুড়া মহানগরীর দত্তবাড়ি এলাকার একটি মোটরসাইকেলের গ্যারেজে কেক কাটার সময় তাকে আটক করা হয়।
ওই নেতার নাম মো. কাউসার (৩৫)। তিনি ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দত্তবাড়ি এলাকার ওই গ্যারেজে গোপনে কেক কাটার আয়োজন করা হয়। খবর পেয়ে বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমির নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে যান। এ সময় গ্যারেজের ভেতর থেকে দেশীয় অস্ত্রসহ কাউসারকে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি বললেন, ‘গভীর রাতে একটি গ্যারেজে গোপন সংবাদের ভিত্তিতে গিয়ে আমরা দেখতে পাই কেক কাটার আয়োজন করা হয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র নিয়ে প্রতিহত করার চেষ্টা করলে পুলিশ ও যুবদলের নেতাকর্মীরা মিলে তাকে হাতে-নাতে আটক করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের বিশৃঙ্খলা সৃষ্টির কোনো চেষ্টা বগুড়ার মাটিতে বরদাস্ত করা হবে না।’
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কাউসার নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ওই গ্যারেজ থেকে কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




