উখিয়া
বাজারে প্রকাশ্যে গুলি ছোড়া ৪ জন আটক, অস্ত্র-গুলি উদ্ধার

গ্রেপ্তার চার আসামি, ছবি: আগামীর সময়
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী এলাকায় মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচ থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি লোহার তৈরি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড তাজা কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আঞ্জুমানপাড়ার একটি মাছের ঘেরের পাড় থেকে গোলাগুলির ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- পালংখালীর পূর্ব ফারির বিল বটতলী এলাকার মিজানুর রহমান মিজান (৩৭), সাখাওয়াত হোসেন প্রকাশ মুন্না (২৭), আরফাত হোসাইন (২২) ও আবু তাহের (৩৫)।
পুলিশের ভাষ্য, বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া বটতলী বাজারে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। প্রায় ৩০ মিনিট ধরে চলা গোলাগুলিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর পুলিশ, বিজিবি ও এসআরবি-১৫ সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান শুরু করা হয়।
পুলিশের দাবি, আটকের পরে জিজ্ঞাসাবাদে অস্ত্র ও কার্তুজ লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়। তাদের দেখানো মতে রাত দেড়টার দিকে আঞ্জুমানপাড়ার পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচে তল্লাশি চালানো হয়। সেখানে একটি সাদা বাজারের বস্তার ভেতর থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি লোহার ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গোলাগুলির ঘটনার সূত্রপাত মাদক-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতা থেকে। তাদের অভিযোগ, যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
এদিকে গুলিবর্ষণের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে মুন্না ও আরাফাতের হাতে পিস্তল দেখা গেছে। গুলি ছুড়ে তারা প্রতিপক্ষের ওপর চড়াও হন। ভিডিওতে জিসান ও শমসুকে কিরিচ হাতে দেখা গেছে।
এ ঘটনায় উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের নামও আলোচনায় এসেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি মুন্নাকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন। তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন জয়নাল আবেদিন। তার ভাষ্য, গুলিবর্ষণের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম বলা হয়েছে। তার দাবি, মাদক-সংক্রান্ত বিরোধ নয়, একটি ফুটবল ম্যাচের বিরোধকে কেন্দ্র করেই গোলাগুলির ঘটনা ঘটেছে।
এদিকে আটক চারজন ও উদ্ধার হওয়া অস্ত্র-কার্তুজ থানায় নেওয়ার পর উখিয়া থানার বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এস এম গোলাম কিবরিয়া বাদী হয়ে অস্ত্র আইনে ও দ্রুত বিচার আইনে পৃথক দুটি মামলা করেন।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেছেন, গোলাগুলির খবর পাওয়ার পরপরই পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে যৌথ অভিযান চালিয়ে চারজনকে আটক ও অস্ত্র-কার্তুজ উদ্ধার করা হয়েছে। মামলা দুটিতে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।




