রূপগঞ্জে পানিতে ডুবে ছাত্রের মৃত্যু, অবহেলার অভিযোগে মাদ্রাসায় হামলা-ভাঙচুর

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন এলাকায় মাদ্রাসাতুত তাকওয়া আল ইসলামিয়া এতিমখানার ১০ বছর বয়সী শিক্ষার্থী মোহাম্মদ ওমর ফারুক পানিতে ডুবে মারা গেছে। গত ১৫ আগস্ট বিকেলে গোলাকান্দাইল নতুন বাজারের ৫ নম্বর ক্যানালে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে অজু ও গোসল করার একপর্যায়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে ওই মাদ্রাসায় ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিদ্যুৎ না থাকায় মাদ্রাসার ২৪ জন শিক্ষার্থীকে তিনজন শিক্ষকের তত্ত্বাবধানে ৫ নম্বর ক্যানালে নিয়ে যাওয়া হয়। সেখানে খেলাধুলার পর গোসল ও অজু করার সময় শিক্ষকদের অজান্তে ওমর ফারুক ও আব্দুর রহমান নামে দুই শিক্ষার্থী পানিতে নেমে তলিয়ে যায়। পরে আব্দুর রহমানকে জীবিত উদ্ধার করা গেলেও ওমর ফারুক নিখোঁজ থাকে। খবর পেয়ে রূপগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যার দিকে ওমর ফারুকের মরদেহ উদ্ধার করে।
নিহত ওমর ফারুক রূপগঞ্জের তারাবো পৌরসভার তেতলাব এলাকার ব্যবসায়ী মোহাম্মদ সবুজ মিয়ার ছেলে। সে মাদ্রাসার নাজেরা বিভাগের ২৬ পারার মেধাবী শিক্ষার্থী ছিল। ওমর ফারুকের পরিবারের অভিযোগ, শিক্ষকদের তদারকিতে অবহেলা ও গাফিলতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।



