মাধবপুর
মায়ের সঙ্গে লাকড়ি সংগ্রহে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

ছবি: আগামীর সময়
হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে হানজালা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে মায়ের সঙ্গে নদীতে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ হয় সে। পরে প্রায় ৪ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত হানজালা মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জলফু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মায়ের সঙ্গে সোনাই নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে যায় হানজালা। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে পড়ে নিখোঁজ হয় সে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। প্রায় ৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মনোতোষ মল্লিক শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।



