ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদ্রাসাশিক্ষার্থী সংঘাত : ৩ পুলিশ প্রত্যাহার

ছবি: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার পর মাদ্রাসাশিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
আজ বুধবার তাদের প্রত্যাহার করা হয়। এ ছাড়া ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকালে জেলা পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ লাইনসে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দিয়ে ভাঙচুর করেন মাদ্রাসাশিক্ষার্থীরা৷ এ সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে অন্তত ২০ জন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরীর ব্রাহ্মণবাড়িয়ায় আগমন উপলক্ষে গতকাল রাতে পুলিশ লাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ। তবে ডিআইজি অনুষ্ঠান উপভোগ করে চলে যাওয়ার পরও সাংস্কৃতিক অনুষ্ঠানটি চলছিল।
অনুষ্ঠানে উচ্চস্বরে গান-বাজানো নিয়ে পার্শ্ববর্তী জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশ লাইনসে গিয়ে গানের উচ্চস্বর কমাতে বলেন। এ নিয়ে দুই পক্ষের তর্ক-বিতর্ক শুরু হয়। পরে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইনসের ভেতরে ঢুকলে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ লাইনসে গত রাতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটিকে জেলা পুলিশ সর্বাধিক গুরুত্বের সঙ্গে নিয়েছে। ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশ লাইনস গেট এবং কম্পাউন্ড ডিউটিতে বিচ্যুতির অভিযোগে তিনজন পুলিশ সদস্যকে সব ধরনের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এ ছাড়া ঘটনা তদন্তে গঠিত কমিটির দেওয়া প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে বিধিমোতাবেক কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।







