২০৩০ সালের মধ্যে খুলনায় শিল্পায়নের নতুন যুগের আশা জ্বালানি প্রতিমন্ত্রীর

খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ অনুষ্ঠানে কথা বলছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের সংকটে দীর্ঘদিন ধরে শিল্পায়নে পিছিয়ে রয়েছে খুলনা অঞ্চল। এ সংকট কাটাতে ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে খুলনায় গ্যাস আনার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং জ্বালানির অভাবে বন্ধ ও অলস পড়ে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ২০৩০ সালের মধ্যে খুলনা অঞ্চলে নতুন শিল্পায়নের যুগের সূচনা হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘একসময় খুলনা অঞ্চলের পাটকলগুলো বিশ্ব জুড়ে এ বিভাগের পরিচিতি তুলে ধরেছিল। দেশের অর্থনীতিতেও এসব শিল্পকারখানার গুরুত্বপূর্ণ অবদান ছিল। কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে না পারা এবং গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাবে অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। খুলনার খালিশপুর, দৌলতপুর ও মোংলায় শিল্পায়নের বিপুল সম্ভাবনা থাকলেও জ্বালানিসংকটে তা কাজে লাগানো যাচ্ছে না।’
তিনি বলেন, ‘মোংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যশোরের অভয়নগরেও বড় অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। কিন্তু এসব এলাকায় গ্যাস সরবরাহ নিশ্চিত করা না গেলে শিল্পায়নের উদ্যোগ কার্যকর হবে না। এ কারণে ভোলা থেকে পাইপলাইনে গ্যাস আনার পাশাপাশি এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ২০০৫ সালের ঘোষণার কথা উল্লেখ করেন। সে সময় ২০০৭ সালের মধ্যে খুলনা বিভাগে গ্যাস-সংযোগ দেওয়ার পরিকল্পনা ছিল।’
খুলনার বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কাজে লাগানোর উদ্যোগের কথা জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘রূপসার ৮৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রসহ খুলনায় প্রায় ১ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার আরও দুটি বিদ্যুৎকেন্দ্র জ্বালানির অভাবে অলস পড়ে রয়েছে। এসব কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’
এ ছাড়া মোংলা, খালিশপুর, দৌলতপুর, যশোরের অভয়নগর ও ভৈরববাজারের বিদ্যুৎকেন্দ্রগুলো সচল করতে সরকার কাজ করছে।
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ‘লবণসহিষ্ণু ধান উৎপাদন, বন্যার আগাম সতর্কবার্তা, রান্নাঘরের বর্জ্য ও বায়োমাস থেকে জ্বালানি তৈরি, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গবাদিপশুর রোগ শনাক্তকরণে শিক্ষার্থীদের উদ্ভাবনগুলো মানুষের বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারে।’
পুরস্কার পাওয়া প্রকল্পের পাশাপাশি মানুষের জীবনমান বদলে দেওয়ার সম্ভাবনাময় উদ্ভাবনগুলোর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।
তিনি জানান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রান্নাঘরের বর্জ্য থেকে বায়োফুয়েল তৈরির পাইলট প্রকল্পে মন্ত্রণালয় অর্থায়ন করেছে। প্রকল্পটি সফল হওয়ায় এটি বাণিজ্যিকভাবে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে খুলনা সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে মন্ত্রণালয়।
শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ের আওতাধীন কোম্পানিগুলোর সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের কাঠামো পরিবর্তন করে মেধাবীদের শিক্ষাবৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রগুলোয় ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের এক থেকে তিন মাসের ইন্টার্নশিপের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের সন্তানদের শিক্ষার ব্যয় নির্বাহ, অসচ্ছল মানুষের চিকিৎসা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করছে।’
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিশ্ববিদ্যালয়টির বিকাশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি।
বিজ্ঞান মেলা আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। স্বাগত বক্তব্য দেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলা আয়োজক কমিটির সদস্যসচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। এর আগে তিনি ও জাতীয় সংসদের হুইপ প্রকল্প প্রদর্শনী পরিদর্শন করেন।



