এক ইঞ্চি মাটিও থাকবে না অনাবাদি: কৃষিমন্ত্রী

ভিক্টোরিয়া সরকারি কলেজের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন
দেশের প্রতি ইঞ্চি জমি ও জলাশয়কে উৎপাদনের আওতায় আনা হবে। এক ইঞ্চি জমিও থাকবে না অনাবাদি। কৃষি ও মাছ উৎপাদনে প্রতিটি সম্পদকে কাজে লাগাবে সরকার। এ কথা জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।
আজ সোমবার (২৫ মে) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, কৃষিজমি, জলাশয় বা অন্য যে কোনো উৎপাদনক্ষম সম্পদকে উৎপাদনের আওতায় আনা হবে। এর মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য।
মন্ত্রী জানালেন, শিক্ষা প্রতিষ্ঠানের পুকুরসহ অব্যবহৃত জলাশয়গুলোকে উৎপাদনমুখী ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। এ লক্ষ্যে ভিক্টোরিয়া সরকারি কলেজের জলাশয়ে হালদা নদীর উন্নতমানের দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগের মাধ্যমে মাছ চাষ সম্পর্কে বাস্তব ধারণা পাবে, পুষ্টিকর খাদ্যের গুরুত্ব উপলব্ধি করবে এবং আত্মনির্ভরশীলতায় উৎসাহিত হবে বলে মনে করেন টেকনোক্র্যাট মন্ত্রী আমিন উর রশিদ।
দেশীয় মাছের উৎপাদন বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। আধুনিক করা হবে সরকারি হ্যাচারিগুলো। এরইমধ্যে বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে ব্যাপক পরিসরে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি পালন করা হচ্ছে। এসব জানালেন মন্ত্রী।
আয়োজনে ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।






