৪ দিনের ব্যবধানে একই বাড়িতে দুই দফা হামলা, আতঙ্কে পরিবার

প্রতীকী ছবি
সাভারে চার দিনের ব্যবধানে একই বাড়িতে দুই দফা হামলার অভিযোগ উঠেছে দেওয়ান মোবারক হোসেনের নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। সর্বশেষ হামলায় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে নারী ও শিশুদের ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দুই দফা হামলার সময়ই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা নেওয়া হয়। তবে একের পর এক হামলার ঘটনায় পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সাভারে ক্ষুদ্রঋণ দেওয়ার পর ফাঁকা চেক নিয়ে সেগুলো ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে প্রতারণামূলক মামলা করা এবং পরে অর্থ আদায় করে আসছে দেওয়ান মোবারক হোসেনের নেতৃত্বাধীন একটি চক্র। চক্রটি দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রথমে ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে আদালতের রায়কে কেন্দ্র করে সন্ত্রাসীদের নিয়ে তাদের বাসাবাড়িতে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করা হয়।
এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সাভারের ৩ নম্বর তারাপুর এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম খান।
পরিবারের অভিযোগ, গত ৬ নভেম্বর জাহিদুল ইসলামের অনুপস্থিতিতে তার বাসায় হামলা চালায় দেওয়ান মোবারক হোসেন ও কবিরসহ ৭ থেকে ৮ জনের একটি দল। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ির দরজায় লাথি মারতে থাকে। এ সময় জাহিদুল ইসলামের স্ত্রী তার স্বামী বাসায় নেই জানালে হামলাকারীরা তাকে অশ্রাব্য ভাষায় গালি দেয়। পাশাপাশি দরজায় লাথি মেরে প্রাণনাশেরও হুমকি দেয়।
এ ঘটনায় বাসায় থাকা নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। আগত ব্যক্তিদের আচরণে সন্দেহ হওয়ায় জাহিদুল ইসলামের স্ত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ও প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা চলে যায়। পুলিশের পরামর্শে ওই দিন রাতেই সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
এরপর গত ৯ নভেম্বর সন্ধ্যায় দেওয়ান মোবারক হোসেন ও কবিরসহ ১৫ থেকে ২০ জনের একটি দল আবারও ওই বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় তারা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে পরিবারের সদস্যদের হুমকি দেয়। দ্বিতীয় দফায়ও ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা সেখান থেকে চলে যায়।
পরে পুলিশ ভুক্তভোগী পরিবারকে থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দেয়। তবে পরিবারটি থানায় গেলে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে ব্যস্ততার কথা জানিয়ে পরে আসতে বলা হয় বলে অভিযোগ করেছেন তারা।
এ বিষয়ে বৃহস্পতিবার জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেছেন, পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে ব্যস্ত থাকায় বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত করা সম্ভব হয়নি। তবে দ্রুতই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



