২৫০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল স্থাপনের দাবি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুড়িয়া ইউনিয়নে ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক মা ও শিশু হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এ জেড এম জাহিদ হোসেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছেন।
আবেদনে সইংসদ সদস্য উল্লেখ করেন, নবাবগঞ্জ উপজেলার ভাদুড়িয়া ইউনিয়নসহ আশপাশের বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর এলাকার বিপুল জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসাসেবার অভাবে ভুগছে। বিশেষ করে মা ও শিশুদের জন্য আধুনিক চিকিৎসা সুবিধা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট প্রকট আকার ধারণ করেছে।
তিনি বলেছেন, বর্তমানে গর্ভবতী নারী ও নবজাতকদের উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী জেলা বা বিভাগীয় শহরে যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি অনেক ক্ষেত্রে মা ও শিশুর জীবনও ঝুঁকির মুখে পড়ে।
এ অবস্থায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ভাদুড়িয়া ইউনিয়নে একটি আধুনিক মা ও শিশু হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এ জেড এম জাহিদ হোসেনের ভাষ্য, হাসপাতালটি স্থাপিত হলে মা ও শিশুদের নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মানও উল্লেখযোগ্যভাবে বাড়বে।







