Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কফির ঘ্রাণে স্বপ্নপূরণের গল্প

মো. আব্দুল আহাদ, সিলেট
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৯:১৪
শেয়ার করুন:
কফির ঘ্রাণে স্বপ্নপূরণের গল্প

ছবি: আগামীর সময়

সিলেট নগরের নয়াসড়ক, কুমারপাড়া ও জিন্দাবাজার এলাকায় গত কয়েক বছরে গড়ে উঠেছে অন্তত ২০টি কফিশপ। এসব কফিশপ ঘিরে তৈরি হয়েছে নতুন এক আড্ডা ও কফি সংস্কৃতি। প্রতিদিন মধ্যদুপুর থেকে মধ্যরাত পর্যন্ত কফির কাপে চুমুক দিতে দিতে গল্প-আড্ডায় মেতে ওঠেন নানা বয়সী মানুষ। প্রতিটি কফিশপেই দৈনিক কয়েকশ মানুষের আনাগোনা। কফির পাশাপাশি এসব প্রতিষ্ঠানে পাওয়া যায় নানা ধরনের ফাস্টফুড ও মুখরোচক খাবার।

৮ নভেম্বর রাত সাড়ে ৯টা। নয়াসড়ক এলাকার ‘শিপ কফি’তে তখন ক্রেতাদের বেশ ভিড়। কেউ কফির সঙ্গে পিৎজা, কেউবা মাশরুম-সালাদ নিয়ে ব্যস্ত। নান্দনিক পরিবেশে খাবার উপভোগের পাশাপাশি চলছে বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডা। সিলেটের কফিশপগুলো এখন কেবল পানাহারের জায়গা নয়, হয়ে উঠেছে অবসর কাটানো ও সামাজিক যোগাযোগের অন্যতম কেন্দ্র।

এই কফি সংস্কৃতির বিকাশের পেছনে রয়েছেন একদল উদ্যোক্তা। তাদেরই একজন শাহ নেওয়াজ। ২০১৭ সালের এপ্রিলে নয়াসড়কে ছোট্ট পরিসরে ‘শিপ কফি’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় তার উদ্যোক্তা-জীবন। একসময় নিজেই কফি তৈরি, ক্রেতাদের আপ্যায়ন, ক্যাশ সামলানো থেকে শুরু করে দোকান পরিষ্কারের কাজও করতেন। শুরুর দিকে শুনতে হয়েছে মানুষের হাসি-ঠাট্টা, পোহাতে হয়েছে লোকসানও। তবে হাল ছাড়েননি। দীর্ঘ পরিশ্রম, অধ্যবসায় ও নিজের স্বপ্নের প্রতি অবিচল বিশ্বাসে আজ গড়ে তুলেছেন পাঁচটি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে ৬০ জনের। শূন্য থেকে শুরু করে পাঁচ প্রতিষ্ঠানের মালিক হয়ে ওঠার এই গল্প শাহ নেওয়াজের স্বপ্নপূরণ ও সংগ্রামের এক অনন্য উদাহরণ।

শাহ নেওয়াজের এই পথচলা কেবল একটি কফিশপ প্রতিষ্ঠার গল্প নয়, বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানো, প্রতিকূলতাকে জয় করা এবং নিজের চেষ্টায় কর্মসংস্থান সৃষ্টির এক অনুপ্রেরণামূলক অধ্যায়।

চাকরির চেষ্টা থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন

পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করেছিলেন শাহ নেওয়াজ। কিন্তু চাকরির পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। তার মনে হতো, জীবনের কোথাও যেন কিছু একটা হারিয়ে যাচ্ছে। নিজের ইচ্ছা ও চিন্তাভাবনার সঙ্গে চাকরির পরিবেশের মিল না থাকায় একসময় স্বাবলম্বী হওয়ার চিন্তা করেন। সিদ্ধান্ত নেন, চাকরি নয়, ব্যবসা করবেন।

কিন্তু ব্যবসা শুরু করার মতো পর্যাপ্ত পুঁজি ছিল না তার। এ সময় এক আন্টি ও এক বন্ধু শাহ আলম কিছু টাকা দিয়ে সহযোগিতা করেন। সেই অর্থ দিয়ে সুনামগঞ্জ সদরে একটি কাপড়ের দোকান চালু করেন। তবে ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা না থাকায় প্রথম চালানের পুরো টাকাই লোকসান হয়।

প্রথম ব্যর্থতাকে শেষ মনে করেননি তিনি। বরং নতুন করে ব্যবসা সম্পর্কে জানার চেষ্টা শুরু করেন। বিভিন্ন সূত্র থেকে ব্যবসার কৌশল, লাভ-লোকসানের হিসাব ও ক্রেতাদের চাহিদা সম্পর্কে ধারণা নেন। এরপর কঠোর পরিশ্রমে কাপড়ের ব্যবসা কিছুটা দাঁড় করান।

সাড়ে পাঁচ লাখ টাকায় স্বপ্নের ঠিকানা

কাপড়ের ব্যবসা পরিচালনার পাশাপাশি নতুন সম্ভাবনার খোঁজে প্রতি শুক্রবার সুনামগঞ্জ থেকে সিলেটে আসতেন শাহ নেওয়াজ। উদ্দেশ্য ছিল একটি উপযুক্ত দোকান খুঁজে বের করা। প্রায় আড়াই বছর খোঁজাখুঁজির পর সিলেট নগরের নয়াসড়কে একটি খালি দোকানের সন্ধান পান।

কাপড়ের ব্যবসা থেকে অর্জিত লাভের অংশ দিয়ে দোকানটির জন্য সাড়ে পাঁচ লাখ টাকা অগ্রিম দেন। দোকান সাজানোসহ অন্যান্য খাতে আরও প্রায় সাত লাখ টাকা ব্যয় করেন। এভাবেই ২০১৭ সালের এপ্রিলে যাত্রা শুরু করে ‘শিপ কফি’।

শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না। দোকানের সব কাজ একাই সামলাতে হতো তাকে। নিজেই কফি তৈরি করতেন, ক্রেতাদের পরিবেশন করতেন, টাকা গ্রহণ করতেন, এমনকি দোকান পরিষ্কারের কাজও করতেন। তার এই পরিশ্রম দেখে আশপাশের অনেকেই হাসাহাসি করতেন। এতে কষ্ট পেলেও নিজের স্বপ্ন থেকে সরে আসেননি।

শাহ নেওয়াজ বললেন, ‘শুরুতে কয়েক মাস কোনো লাভই হতো না। মাস শেষে লাভ-লোকসান সমান থাকত। ব্যবসা সম্পর্কে তখনো অনেক কিছু শেখার বাকি ছিল। আবার ব্যাচেলর হওয়ায় অনেক জায়গায় বাসা ভাড়া পাওয়া কঠিন ছিল। শাহী ঈদগাহ এলাকায় অনেক দূরে থাকতে হতো। সব মিলিয়ে সময়টা ছিল বেশ কষ্টের।’

টানা তিন বছর বন্ধ হয়নি দোকান

একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে কতটা পরিশ্রম করতে হয়, তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে শাহ নেওয়াজের। তার ভাষ্য, এমন সময়ও গেছে, যখন টানা তিন বছর একদিনও দোকান বন্ধ রাখেননি। কোনো অজুহাতে ছুটি নেননি। নিজের হাতে প্রতিষ্ঠান পরিচালনা করেছেন দিনের পর দিন।

এই দীর্ঘ পরিশ্রমের ফলও পেয়েছেন। একসময় যারা তাকে নিয়ে হাসাহাসি করতেন, তাদের অনেকেই এখন সম্মান করেন। নিজের পায়ে দাঁড়িয়েছেন, গড়ে তুলেছেন পরিবার। ব্যবসার সুবাদে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগও হয়েছে তার।

এই পথচলায় পরিবারের মানসিক সমর্থনকে গুরুত্বপূর্ণ মনে করেন শাহ নেওয়াজ। বিশেষ করে বন্ধু শাহ আলমের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। তবে শুরুতে তার বাবা ব্যবসা নিয়ে কিছুটা অসন্তুষ্ট ছিলেন বলেও জানান এই উদ্যোক্তা।

পাঁচ প্রতিষ্ঠানে ৬০ মানুষের কর্মসংস্থান

শুরুর সেই ছোট্ট কফিশপের পরিসর এখন অনেক বড়। বর্তমানে শাহ নেওয়াজের পাঁচটি প্রতিষ্ঠানে কাজ করছেন ৬০ জন কর্মচারী। নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, একটি ব্যবসার সফলতা অনেকাংশেই নির্ভর করে কর্মীদের ওপর।

তিনি বললেন, ‘আমার কাছে মনে হয়, ব্যবসার মূল চাবিকাঠি এখন কর্মচারীদের হাতে। তারা যদি ঠিকমতো কাজ না করেন, তাহলে একটি ব্যবসা দাঁড় করানো কঠিন। তাই সবার আগে কর্মীদের সুযোগ-সুবিধা দেখতে হবে।’

কর্মীদের প্রতি দায়িত্বশীলতার অংশ হিসেবে প্রতি মাসের ১ তারিখেই বেতন পরিশোধ করেন তিনি। নিজের অবস্থান যেখানেই হোক, নির্ধারিত দিনে কর্মীদের বেতন নিশ্চিত করার চেষ্টা করেন। পাশাপাশি তাদের ভালো বেতন দেওয়ার বিষয়েও গুরুত্ব দেন।

শাহ নেওয়াজের মতে, একজন উদ্যোক্তার শুধু নিজের লাভের কথা ভাবলে চলবে না। প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত, তাদের জীবনমান ও আর্থিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

কফির সঙ্গে ফাস্টফুড, বদলেছে ব্যবসার ধরন

শুরুর দিকে ‘শিপ কফি’তে শুধু কফি বিক্রি করা হতো। সময়ের সঙ্গে ক্রেতাদের চাহিদা বিবেচনায় মেনুতে যুক্ত হয়েছে নানা ধরনের ফাস্টফুড, আইসক্রিম, পেস্ট্রি, কেক ও ডেজার্ট।

এখানে গরম কফির পাশাপাশি পাওয়া যায় বিভিন্ন স্বাদের ঠান্ডা কফি। কফির দাম শুরু ১২০ থেকে সর্বোচ্চ ৩৯০ টাকা। প্রতিদিন দুই শতাধিক মানুষ এই কফিশপে আসেন বলে জানান শাহ নেওয়াজ।

তার মতে, শুধু কফি বিক্রি করে একটি কফিশপ থেকে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা কঠিন। তাই কফির পাশাপাশি খাবারের বৈচিত্র্য আনতে হয়েছে। এতে ক্রেতাদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি ব্যবসার পরিসরও সম্প্রসারিত হয়েছে।

আড্ডা, নান্দনিকতা ও কফির নতুন সংস্কৃতি

সিলেট নগরের কফিশপগুলো এখন শুধু কফি পান করার জায়গা নয়, বরং তরুণ-তরুণীদের আড্ডা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা পরিবারের সদস্যদের নিয়ে অবসর উপভোগের অন্যতম ঠিকানা হয়ে উঠেছে।

নগরের বিভিন্ন কফিশপ ঘুরে দেখা যায়, ক্রেতাদের আকৃষ্ট করতে উদ্যোক্তারা সাজসজ্জায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন। কোনো কফিশপে আলোঝলমলে পরিবেশ, কোথাও আলো-আঁধারির নান্দনিক আয়োজন। আবার কোথাও ছবি ও সেলফি তোলার জন্য রয়েছে আলাদা জায়গা। দেয়াল জুড়ে চিত্রকর্ম, ইনডোর প্ল্যান্ট এবং রঙবেরঙের আলোর ব্যবহারে তৈরি করা হয়েছে মনোরম পরিবেশ।

কফিশপগুলোর মেনুতেও এসেছে বৈচিত্র্য। একেকটি দোকানে আট থেকে ২০ ধরনের কফি পাওয়া যায়। পাশাপাশি রয়েছে বিভিন্ন পানীয়, স্ন্যাকস ও ফাস্টফুড। দীর্ঘ সময় বসে কফি পান ও গল্প করার সুযোগ থাকায় এসব প্রতিষ্ঠানে সারা দিনই ক্রেতাদের আনাগোনা থাকে।

কফিশপ উদ্যোক্তাদের মতে, কফির পাশাপাশি খাবারের আয়োজন রাখার ফলে প্রতিষ্ঠানগুলো আরও বেশি ক্রেতাকে আকৃষ্ট করতে পারছে। বিশেষ করে নিরিবিলি ও নান্দনিক পরিবেশে সময় কাটাতে আগ্রহী মানুষের কাছে এসব প্রতিষ্ঠান জনপ্রিয় হয়ে উঠছে।

আগামী স্বপ্ন দেশের পণ্য বিশ্ববাজারে পৌঁছে দেওয়া

পাঁচটি প্রতিষ্ঠান গড়ে তোলার পরও এখানেই থেমে থাকতে চান না শাহ নেওয়াজ। তার স্বপ্ন আগামী পাঁচ বছরের মধ্যে নিজেকে একজন সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) হিসেবে প্রতিষ্ঠিত করা। তবে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখাই তার বড় লক্ষ্য।

তিনি বলেছেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই। দেশের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা দেশে আনতে চাই। আমাদের দেশে উৎপাদিত পণ্য বিদেশের বাজারে বিক্রি করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চাই।’

ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, উদ্যোক্তাদের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও প্রয়োজনীয় সরকারি সেবা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ব্যবসায়ীদেরও নিয়মিত ভ্যাট ও কর পরিশোধ করতে হবে।

শাহ নেওয়াজের গল্প কেবল একটি কফিশপের সফলতার গল্প নয়, এটি ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া, প্রতিকূলতাকে জয় করা এবং নিজের শ্রমে কর্মসংস্থান তৈরির এক বাস্তব উদাহরণ। যে তরুণ একসময় নিজেই দোকান ঝাড়ু দিতেন, কফি বানাতেন, ক্রেতাদের সেবা দিতেন, সেই তিনিই আজ ৬০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন।

কফির কাপ হাতে নিয়ে মানুষ যখন আড্ডায় মেতে ওঠেন, তখন হয়তো অনেকেই জানেন না, এই আয়োজনের পেছনে রয়েছে একজন উদ্যোক্তার দীর্ঘ সংগ্রাম। শাহ নেওয়াজের কাছে তাই ‘শিপ কফি’ শুধুই একটি ব্যবসাপ্রতিষ্ঠান নয়, এটি তার স্বপ্ন, পরিশ্রম আর ঘুরে দাঁড়ানোর জীবন্ত প্রতিচ্ছবি।

কফিসিলেটফাস্টফুড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স