ঝিনাইদহ
মোবাইল কিনে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এক বন্ধু নিহত, আহত আরেকজন

রিওন হোসেন। সংগৃহীত ছবি
ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় রিওন হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু মো. নাফিজ আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিওন উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলাম মন্টুর ছেলে।
স্থানীয়দের বরাতে মহেশপুর থানার ওসি আজাদ রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোন কেনার জন্য বন্ধু নাফিজকে নিয়ে মোটরসাইকেলে করে কালীগঞ্জে যান রিওন। কেনাকাটা শেষে রাতে বাড়ি ফেরার পথে কাটাখালী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিওনের মৃত্যু হয়। গুরুতর আহত নাফিজকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান স্থানীয়রা।
ওসি আজাদ জানিয়েছেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




