শারীরিক প্রতিবন্ধকতা জয় সাকিরুলের

সাকিরুল ইসলাম
দাখিল পরীক্ষায় জিপিএ ৪.১৩ পেয়েছিলেন সাকিরুল ইসলাম। সেই ফলাফলে নিজের প্রত্যাশা পূরণ হয়নি, হতাশ হয়েছিলেন পরিবারের সদস্যরাও। তবে থেমে যাননি তিনি। পরবর্তী পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ার সংকল্প নিয়ে নতুন করে পড়াশোনা শুরু করেন। শারীরিক প্রতিবন্ধকতা ও অসুস্থতার সঙ্গে লড়াই করে সেই লক্ষ্য পূরণ করেছেন পটুয়াখালীর বাউফলের এই শিক্ষার্থী। এবারের আলিম পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ১৮ বছর বয়সী সাকিরুল।
সাকিরুল বাউফল উপজেলার ঐতিহ্যবাহী ছালেহিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই তিনি আলিম পরীক্ষায় অংশ নেন। সাকিরুলের বাবা মাওলানা মো. মোশাররফ হোসাইন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। মা মোসা. সাকিরা বেগম গৃহিণী। দুই ভাইয়ের মধ্যে সাকিরুল বড়। ছোট ভাই আব্দুল্লাহ আল মাশরাফি একই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
নিজের সাফল্যের পেছনে পরিবারের পাশাপাশি খালুর অনুপ্রেরণার কথা জানিয়েছেন সাকিরুল। তিনি বললেন, ‘দাখিল পরীক্ষায় আমি জিপিএ ৪.১৩ পেয়েছিলাম। সেই ফলাফলে কেউ খুশি হননি। পরে আমার এক খালু আমাকে অনুপ্রেরণা দেন। বাবা-মাও উৎসাহ জুগিয়েছেন। এরপর নতুন উদ্যমে পড়াশোনা শুরু করি।’



