৮ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি: আগামীর সময়
দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
আজ রবিবার সকাল থেকে বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক প্রবেশ ও পণ্য আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য।
আজ সকালে এসব তথ্য জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক মো. রেজাউল করিম শাহীন।
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারত ও বাংলাদেশে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটিসহ গত ১৭ অক্টোবর থেকে টানা ৮ দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালু হয়েছে। এরই মধ্যে ভারত, নেপাল ও ভুটানের বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে।
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।
কার্যক্রম পুনরায় চালু হওয়ায় দীর্ঘ ছুটির পর বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় আবারও ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টদের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।




