৮ দিন পর বেনাপোলে ফিরল কর্মচাঞ্চল্য

ছবি: আগামীর সময়
টানা আট দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। পণ্য ওঠানো-নামানো ও খালাসের কাজে সকাল থেকেই প্রায় তিন হাজার শ্রমিক কাজে যোগ দিয়েছেন। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
বন্দর সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ জানান, আট দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকেরা পণ্য ওঠানো-নামানো ও খালাসের কাজে ব্যস্ত সময় পার করছেন।
তিনি আরও জানান, দীর্ঘ ছুটির কারণে সীমান্তের দুই পাশে যানজট ও পণ্যজটের সৃষ্টি হয়েছে। কয়েক হাজার পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হওয়ায় ধীরে ধীরে যানজট ও পণ্যজট কমতে শুরু করেছে।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার আরিফুল ইসলাম জানান, এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। এ বন্দর থেকে সরকার প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা রাজস্ব পায়। টানা আট দিন কার্যক্রম বন্ধ থাকায় সরকার প্রায় ১৬০ কোটি টাকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ছুটি শেষে শনিবার সকাল থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ছুটিতে থাকা কর্মকর্তা-কর্মচারীরাও কর্মস্থলে যোগ দিয়েছেন। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য ওঠানো-নামানো ও খালাসের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।




