১০০ শয্যার জেনারেল হাসপাতাল হচ্ছে ‘চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল’

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম নগরের সিআরবিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়ে ১০০ শয্যার জেনারেল হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকায় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
আজ বুধবার রাতে চসিক প্রশাসকের মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ ইদ্রিস আলীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মিন্টো রোডে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বিদ্যমান অবকাঠামো কাজে লাগিয়ে আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ, শয্যাসংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয়। হাসপাতালটি পুরোপুরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হলে নগরের সাধারণ ও স্বল্প আয়ের মানুষ সহজে সরকারি চিকিৎসাসেবা পাবেন।
এ ছাড়া চিকিৎসাসেবা সম্প্রসারণের অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য একটি হাসপাতাল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসায় একটি ট্রমা সেন্টার স্থাপনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও উঠে আসে।
২০২৫ সালের ২১ এপ্রিল বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে রেলওয়ের হাসপাতালগুলো যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের নাম পরিবর্তন করে ‘রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম’ রাখা হয় এবং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বসাধারণের জন্য এর চিকিৎসাসেবা উন্মুক্ত করা হয়।
গত বছরের ২৫ মে রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে হাসপাতালটিতে ১৯ চিকিৎসক ও ৯ নার্স পদায়ন করেছেন। বর্তমানে সেখানে মেডিসিন, হৃদরোগ, অর্থোপেডিকস, গাইনিসহ বিভিন্ন বিভাগের আউটডোর সেবা চালু রয়েছে। নতুন এ সিদ্ধান্তের ফলে এখন হাসপাতালটি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১০০ শয্যার পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপান্তরিত হতে যাচ্ছে।



