ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, মহাসড়ক অবরোধ

ছবি: আগামীর সময়
চট্টগ্রামের রাউজানে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল ইসলাম টিটু (৫৫) নামে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন।
আজ রবিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের জলিলনগর বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করেন। এতে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
নিহত নুরুল ইসলাম টিটু রাউজান উপজেলার ৬ নম্বর বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর লেলেঙ্গারা এলাকার অছি মিয়া সারাং বাড়ির আনজু মিয়া সারাংয়ের ছেলে।
তিনি বিনাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন এবং বর্তমানে একটি বেসরকারি জীবন বিমা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এলাকায় তিনি ওরফে টিটু মেম্বার নামে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে জলিলনগর বাসস্টেশন এলাকায় হেঁটে রাস্তা পার হচ্ছিলেন টিটু। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক কৌশলে পালিয়ে যান।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ সড়কে রেখে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে। তার ট্রাক চালকের বিচার দাবি করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দেড় ঘণ্টা পর পুনরায় যান চলাচল শুরু হয়।
নিহতের মেজো ছেলে মো. সামির বলেন, ‘বেপরোয়া গতির কারণেই আজ আমার বাবা প্রাণ হারিয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার চাই।’
এ বিষয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকটি জব্দ করে। চালক পালিয়ে গেছে।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বললেন তিনি।






