আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চিন্ময় কৃষ্ণ দাস
ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের হওয়া দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস।
তার জামিন প্রশ্নে জারি করার রুল যথাযথ ঘোষণা করে আজ রবিবার এই আদেশ দেন বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ।
চিন্ময় কৃষ্ণের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
আইনজীবী আরো জানান, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। তার মধ্যে ছয়টি মামলায় তিনি জামিন পেয়েছেন।
তবে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় এখনই তিনি কারামুক্ত হতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
২০২৪ সালের ২৫ নভেম্বর গ্রেপ্তার হন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ। তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালী থানায় ১৯ জনকে আসামি করে মামলাটি করেছিলেন সে সময়ের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান।
মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নাকচ করা হয়। এ সময় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের মধ্যে আদালত-সংলগ্ন এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
সে ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম দিয়ে হত্যা মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তার আবেদনে মামলায়ও চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।






