চট্টগ্রামে হাম ও ডেঙ্গুতে মৃত্যু ২ শিশুর

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয় থেকে রবিবার বিকেলে পাঠানো সবশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
একই সময়ে নতুন করে ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাম বা হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ৮০ জন।
সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে রবিউল হাসান (১৩) নামে এক শিশু মারা যায়। তার বাড়ি নগরের হালিশহর এলাকায়। একই হাসপাতালে হাম উপসর্গ নিয়ে মারা যায় ৫ মাস বয়সী ওয়ারিসা। সে লোহাগাড়া এলাকার বাসিন্দা।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেল ২০ জন। চলতি মাসে মারা যায় ১৫ জন। হাম এবং হাম উপসর্গে মৃত্যু দাঁড়াল ২৭ জনে। চলতি বছর মোট ৪ ১৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নেয়। হামের রোগী চিকিৎসাধীন ছিল ৮ হাজার ৭৯১ জন।
প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে ২০৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে ২৮৩ জন।



