সীতাকুণ্ডে চার যানবাহনের সংঘর্ষে নারী নিহত, আহত ২০

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে চতুর্মুখী সংঘর্ষে নিহত হয়েছেন এক নারী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
রবিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বাড়বকুণ্ড বাজার এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, একটি মাইক্রোবাস, যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় বাসটি। এ সময় পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাও পড়েছে দুর্ঘটনার কবলে। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই নারী। পাশাপাশি আহত হন আরও ২০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হক বলেছেন, ‘দুর্ঘটনায় মারা গেছেন একজন নারী। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে।’






