হিমালয়ের চূড়ায় উঠে প্রয়াত বন্ধুকে স্মরণ

ছবি: আগামীর সময়
‘আমি যত উঁচুতেই যাই না কেন, আমার বন্ধু সাইমুমও আমার সাথেই যায়। আমার লোবুচে সামিটটি বন্ধু সাইমুম ইফতেখারকেই উৎসর্গ করলাম।’
হিমালয়ের ৬ হাজার ১১৯ মিটার উঁচু লোবুচে ইস্টের চূড়ায় উঠে প্রয়াত সাইমুমের ছবি হাতে দাঁড়িয়ে বন্ধুকে স্মরণ করার ছবিটি ফেসবুকে দিয়ে এই অনুভূতির কথা লিখেন কামরুল ইসলাম। কামরুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বন্ধুর মৃত্যুর চার বছর পূর্ণ হওয়ার দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি লোবুচে ইস্টের চূড়ায় ওঠেন। বাংলাদেশের লাল-সবুজ পতাকার পাশে বন্ধুর ছবি তুলে ধরে নিজের এই অর্জন তাকেই উৎসর্গ করেন কামরুল।
নেপালের স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে ‘রোপফোর মাউন্টেন এক্সপেডিশন ২০২৬’-এর অংশ হিসেবে লোবুচে ইস্টের শিখরে পৌঁছান কামরুল। তার সঙ্গে ছিলেন সহযাত্রী তুর্য দাস ও নাঈম আল নাহিয়ান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাইমুম ইফতেখার দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২২ সালের ২৭ অক্টোবর মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। জীবদ্দশায় ৩ বার ক্যানসারকে পরাজিত করে সহপাঠীদের কাছে সাহস ও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছিলেন তিনি।
বন্ধুকে হারানোর চার বছর পরও সেই স্মৃতি ভুলতে পারেননি কামরুল। তাই বিশেষ এই দিনে হিমালয়ের চূড়ায় পৌঁছে নিজের অর্জন বন্ধুকে উৎসর্গ করেন তিনি। তার এ উদ্যোগে উঠে এসেছে বন্ধুত্বের গভীরতা এবং প্রিয়জনকে হারানোর পরও স্মৃতিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার এক অনন্য বার্তা।
ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরিও ছিল এই অভিযানের অন্যতম লক্ষ্য। ‘হিমালয় গলছে, দায় আমাদেরও’ স্লোগান সামনে রেখে অভিযাত্রী দল ‘জিরো-ওয়েস্ট’ বা বর্জ্যহীন ক্যাম্পেইন পরিচালনা করে। এ সময় পাহাড়ের পরিবেশ সুরক্ষায় অপচনশীল বর্জ্য সঙ্গে ফিরিয়ে আনার উদ্যোগ নেন তারা।
অভিযাত্রী দলের সদস্য তুর্য দাসের জন্য লোবুচে ইস্ট জয় ছিল জীবনের প্রথম পর্বতশৃঙ্গ জয়ের অভিজ্ঞতা। শিক্ষক ও গবেষক নাঈম আল নাহিয়ানও সফলভাবে চূড়ায় পৌঁছান।
হিমালয়ের চূড়ায় কামরুলের এ অর্জন তাই শুধু একটি পর্বত জয়ের গল্প নয় এটি বন্ধুত্ব, স্মৃতি ও ভালোবাসারও গল্প। যে বন্ধু আর ফিরে আসবেন না, তার ছবিই হয়ে উঠেছে দুর্গম শিখরে পৌঁছানোর মুহূর্তের সবচেয়ে আবেগঘন সঙ্গী। বন্ধুকে স্মরণ করে কামরুল যেন আবারও জানিয়ে দিলেন, মানুষ হারিয়ে গেলেও তার স্মৃতি থেকে যায়।




