চট্টগ্রামে স্কুলের পাশ থেকে খুন হওয়া নারীর লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামের সীতাকুণ্ডে হাত বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে ঘাড়ে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাতপরিচয় হিসেবে লাশটি উদ্ধার করা হয়। বয়স আনুমানিক ৩৫ বছর। হাতে শাঁখা থাকায় তাকে সনাতন ধর্মাবলম্বী হিসেবে ধারণা করা হচ্ছে।
ওই নারীকে হত্যার বিষয়ে পুলিশ নিশ্চিত হয়েছে বলে জানালেন সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম। বললেন, ‘তাকে ঘাড়ে আঘাত করে হত্যা করা হয়েছে। শ্বাসরোধেরও চিহ্ন আছে। নাম-পরিচয় পেয়েছি। হত্যাকাণ্ডের ক্লু-ও পাওয়া গেছে। অভিযান চলছে। রাতে বিস্তারিত জানানো হবে।’



