চট্টগ্রাম
‘সার্বিয়ার ভিসা সেন্টার’ খুলে প্রতারণা, ট্রাভেল এজেন্সি মালিক গ্রেপ্তার

ছবি: আগামীর সময়
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া। বাংলাদেশে সার্বিয়ার কোনো দূতাবাস কিংবা ভিসা সেন্টার নেই। ভিসার জন্য যেতে হয় নয়াদিল্লি। কিন্তু সেই সার্বিয়ার ভিসা পাওয়া যাচ্ছিল চট্টগ্রামের টেরিবাজারে। পাসপোর্টে নকল স্টিকার লাগিয়ে বলা হচ্ছিল, এটাই সার্বিয়ার ভিসা। এমন প্রায় পাঁচ হাজার জাল ভিসাসহ ট্রাভেল এজেন্সির এক মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর নামে আব্দুল মাবুদ নামে এ লোক প্রতারণা করেন বলে পুলিশ কর্মকর্তারা জানালেন।
গতকাল শনিবার গভীর রাতে নগরীর কোতোয়ালী থানার টেরিবাজার বাই লেইন কাটাপাহাড় এলাকায় বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মাবুদের (৫৩) বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। নগরীর পাথরঘাটা বংশাল রোডেও তার পরিবার বসবাস করে। ঢাকার মগবাজারে আয়েশা ট্রাভলস অ্যান্ড টুরিজম নামে একটি প্রতিষ্ঠানের মালিক।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন আগামীর সময়কে বললেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল মাবুদকে গ্রেপ্তার করা হয়েছে। সে কক্ষের ভেতরে বসে জাল স্টিকার দিয়ে সার্বিয়ার জাল ভিসা তৈরি করছিল। তার কাছে সার্বিয়ার পাঁচ হাজার জাল স্টিকার ভিসা ও ভিসার কাগজ এবং ১৭টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে।’
কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির বললেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাবুদ ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর কথা বলে লোকজনের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করার কথা স্বীকার করেছেন। টাকা আদায়ের পর পাসপোর্টে জাল ভিসার স্টিকার লাগিয়ে সেগুলো দেওয়ার কথা ছিল। বিমানবন্দরে পুলিশের ইমিগ্রেশন শাখায় জাল ভিসা শনাক্ত হলে ভুক্তভোগীর অন্য কোনো সমস্যা আছে বলে তাকে বোঝানো হয়।’
মাবুদের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় প্রতারণা ও পাসপোর্ট আইনে একটি মামলা আছে। আজ রবিবার চট্টগ্রামের কোতোয়ালী থানায়ও একটি মামলা হয়েছে। মামলায় মাবুদকে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় যোগাযোগ করেননি বলে জানালেন ওসি জাহেদুল কবির।



