নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি, সাবেক ব্যাংকারের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে নিজ বাসায় মাথায় গুলিবিদ্ধ হয়ে বেসরকারি ব্যাংকের সাবেক এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। পুলিশের ভাষ্য, পারিবারিক অশান্তির জেরে তিনি নিজেই মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন। অস্ত্রটি অবৈধ বলে সন্দেহ পুলিশের।
আজ শনিবার সকালে নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় এ ঘটনার পর পুলিশ তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
মৃত শাহিদ হোসেন (৪৫) নগরীর হাজীপাড়া ইমাম হোসেনের বাড়ির মৃত ইকবাল হোসেনের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানালেন, সকাল ৭টা ৫০ মিনিটে শাহিদ হোসেনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তাকে ২৮ নাম্বার ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম আগামীর সময়কে জানালেন, শাহিদ হোসেন বেসরকারি আল আরাফাহ ব্যাংকের কর্মকর্তা ছিলেন। এক বছর আগে তিনি ব্যাংকটির হাটহাজারী শাখায় কর্মরত ছিলেন। মাসখানেক আগে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হলে তিনি চাকরি ছেড়ে দেন।
সকাল ৭টার দিকে ড্রইংরুমে হঠাৎ গুলির বিকট শব্দে বাসার লোকজন হতচকিত হয়ে যান। প্রতিবেশীরাও এগিয়ে আসেন। তারা দেখতে পান, ড্রইংরুমে চেয়ারে বসা শাহিদ রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শাহিদের স্ত্রী শারমিন আক্তারকে হেফাজতে নিয়েছে বলে জানালেন ওসি। তিনি বলেছেন, ‘দূরের জেলায় পোস্টিং হওয়ার পর ব্যাংকের চাকরি ছেড়ে দেন শাহিদ। এ নিয়ে তার মধ্যে হতাশা ছিল। স্ত্রী শারমিন জানিয়েছে, স্বামী তাকে খুবই সন্দেহ করতেন। এ নিয়ে সংসারে খুব অশান্তি ছিল।’
পিস্তলটি উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি শাহীনূর আলম বললেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, পিস্তলটির লাইসেন্স নেই। সুতরাং এটি অবৈধ অস্ত্র। এই অস্ত্র শাহিদ কোথা থেকে কীভাবে সংগ্রহ করেছে, এ বিষয়ে আমরা তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছি। পরিবারের অন্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।’







