মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

ছবি: আগামীর সময়
চট্টগ্রামের মিরসরাইয়ে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে অস্ত্রের মুখে ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখেরতালুক এলাকায় অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মতিন উল্লাহর বাড়িত এ ঘটনা ঘটে। ডাকাতির সময় মতিন বাড়িতে ছিলেন।
ডাকাতেরা ছয় ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, মুঠোফোনসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী মতিন উল্লাহ। মতিন সহকারী পুলিশ সুপার হিসেবে ১০ মাস আগে অবসরে যান।
অভিযোগে তিনি জানান, রাত আড়াইটার দিকে খুন্তি দিয়ে ঘরের দরজা ভেঙে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ঘরে ঢোকে। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ঘরের আলমারি তল্লাশি করে। এ সময় পরিবারের নারীদের কান ও গলা থেকে ছয় ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ডাকাতেরা।
এ ছাড়া দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন, একটি বাটন ফোন, সিসি ক্যামেরার মনিটর ও ডিভাইস, ওয়াই-ফাই রাউটার, কম্পিউটার, মনিটর, সিপিইউ এবং নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায় তারা।
ঘটনার খবর পেয়ে রাতেই মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন ও পুলিশের অন্য সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার বলেন, রাত আড়াইটার দিকে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ওসিসহ তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ডাকাতিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।




