ফুটপাত হকারমুক্ত করতে চট্টগ্রাম চেম্বারের সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা

ছবি: আগামীর সময়
চট্টগ্রামকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব বাণিজ্য নগরী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে নগরীর ফুটপাত ও সড়ক হকারমুক্ত করার দাবি জানিয়েছেন বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশনের নেতারা।
আজ সোমবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে নগরীর বিভিন্ন মার্কেট ও অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের মতবিনিময় সভায় এই দাবি ওঠে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক।
সভায় মার্কেট ও শপিং মলগুলোর বিভিন্ন ব্যবসায়িক সমস্যা তুলে ধরে ব্যবসায়ীরা জানালেন, কোনো ধরনের ট্যাক্স ও ভ্যাট না দিয়ে হকারদের যত্রতত্র অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখলের কারণে চরম বিপাকে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। ফুটপাত ও রাস্তাঘাট দখলমুক্ত না থাকায় সাধারণ ক্রেতারা স্বাচ্ছন্দ্যে মার্কেটে যাতায়াত করতে পারছেন না, যার ফলে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই সংকট নিরসনে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে চেম্বার সভাপতির হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ী নেতারা।
ব্যবসায়ীদের এ সমস্যার কথা শুনে চেম্বার সভাপতি আমিরুল হক দ্রুত তা সমাধানের আশ্বাস দেন। চেম্বার সভাপতি বললেন, ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা, ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা দূরীকরণ এবং চট্টগ্রামের বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করতে চেম্বার সবসময় ব্যবসায়ী সমাজের পাশে রয়েছে। সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থার সঙ্গে আলোচনা সাপেক্ষে তা স্থায়ীভাবে সমাধান করা হবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই শুধু একটি পরিচ্ছন্ন, যানজটমুক্ত, হকারমুক্ত ও ব্যবসাবান্ধব বাণিজ্য নগরী গড়ে তোলা সম্ভব বলে তিনি মনে করেন।
এ ছাড়া সভায় প্রশাসনের ডিলিং লাইসেন্সের নামে হয়রানি রোধ এবং যত্রতত্র মেলার অনুমতি না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন চেম্বার সভাপতি। পাশাপাশি আগের মতো প্যাকেজ ভ্যাট বাস্তবায়নের তার উদ্যোগের কথা জানিয়েছেন।
মার্কেটগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় ছাদে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনের আহ্বান জানিয়ে চেম্বার সভাপতি বললেন, এর ফলে নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি নেট মিটারিংয়ের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব এবং নির্দিষ্ট সময়ে মার্কেট বন্ধ রাখার কোনো বাধ্যবাধকতা থাকবে না।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেম্বারের প্রাক্তন সিনিয়র সহসভাপতি এম এ ছালাম, পরিচালক মো. আফসার হাসান চৌধুরী (জসিম), আসাদ ইফতেখার, টেরিবাজার দোকান মালিক সমিতির সভাপতি এম এ মান্নান, ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির মনির হোসেন, তামাকুমণ্ডি লেইন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ দোকান মালিক সমিতির সদস্য নজরুল ইসলাম মামুন, হোটেল-রেস্তোরাঁ মালিক কল্যাণ সমিতির সভাপতি ইলিয়াস আহম্মেদ ভূঁইয়া, আজম খান, পুলিশ প্লাজা দোকান মালিক সমিতির উপদেষ্টা মো. শামীম এবং সিজলের চেয়ারম্যান মো. নুরুল আলম।
এ সময় চেম্বার সিনিয়র সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, চেম্বার সহসভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক এস এম সাইফুল আলম, কামাল মোস্তফা চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, মো. সেলিম নুরসহ বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।



