পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামে মানব পাচারের ৭৩০ ঘটনা

ছবি: আগামীর সময়
বিয়ে, চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পার্বত্য চট্টগ্রামের নারী ও কন্যাশিশুদের চীনে পাচারের ঝুঁকি বাড়ছে। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন পার্বত্য জেলায় মানব পাচারের ৭৩০টির বেশি ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে খাগড়াছড়িতে ৪০০, রাঙামাটিতে ৩০০ এবং বান্দরবানে ৩০টির বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে সামাজিক কলঙ্ক, ভয় ও নীরবতার কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকেরা।
গতকাল সোমবার খাগড়াছড়ি সদর উপজেলা সম্মেলন কক্ষে মানব পাচারবিষয়ক এক অ্যাডভোকেসি ও মিডিয়া ক্যাম্পেইনে উপস্থাপন করা এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
সিএসও-সিবিও নেটওয়ার্কের আয়োজনে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গবেষণায় বলা হয়েছে, পাচারকারী চক্র আত্মীয়স্বজন ও পরিচিতজনের মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নারী ও তরুণীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। প্রতারণামূলক বিয়ে, বিদেশে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তাদের ফাঁদে ফেলে। দারিদ্র্য, বেকারত্ব, লিঙ্গবৈষম্য ও কর্মসংস্থানের সীমিত সুযোগ এ ঝুঁকি বাড়াচ্ছে। পাচারের শিকার অনেক নারী বিদেশে নির্যাতনের শিকার হচ্ছে।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুষ্মিতা খীসা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শাশ্বতী দেওয়ান।
ইউএনও ফারিয়া সুলতানা বললেন, বিদেশে অবস্থানরত অনেক নারী প্রতারণা ও বৈষম্যের শিকার হচ্ছেন। মানব পাচার প্রতিরোধে আইন বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা জানান, মামলা হওয়ার পর বাদীপক্ষের আপস-মীমাংসার কারণে অনেক ক্ষেত্রে অপরাধীরা পার পেয়ে যায়।
সভাপতির বক্তব্যে তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা জানান, মানব পাচার প্রতিরোধে সামাজিক অংশগ্রহণ, স্থানীয় নেতৃত্ব এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
গবেষণায় মানব পাচার প্রতিরোধে সচেতনতা, নারীদের কর্মসংস্থান, বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে নিবন্ধনে কঠোর আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করা হয়।



