চট্টগ্রামে এক বাসায় হঠাৎ বিস্ফোরণ, তিনজন দগ্ধ

বিস্ফোরিত বাড়ি
চট্টগ্রাম নগরীতে আবাসিক ভবনের নিচতলায় এক বাসায় আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রী ও তাদের তিন বছর বয়সী মেয়ে গুরুতর দগ্ধ হয়েছেন। সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে বলে পুলিশ জানিয়েছে।
গতকাল মঙ্গলবার গভীর রাতে নগরীর বন্দর থানার নিউমুরিং আবাসিক এলাকার সাত নম্বর সড়কে আজিজ ভবনের নিচতলায় এ ঘটনা ঘটেছে।
দগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, মোহাম্মদ আরিফ (২৭), তার স্ত্রী রাশেদা বেগম (২৩) ও মেয়ে আরিফা। আরিফের বাড়ি বগুড়ায়। দু’মাস আগে তিনি ওই বাসা ভাড়া নেন।
আরিফের ছোট ভাই মোহাম্মদ শরীফ আগামীর সময়কে বললেন, ‘আরিফ রিকশা চালায়। আজিজ ভবনের নিচতলায় ছয় নম্বর বাসায় থাকে। কাছেই আমার বাস। রাত প্রায় সাড়ে ১১টার দিকে হঠাৎ হট্টগোল শুনে আমি ভাইয়ের বাসায় যায়। দেখি বাসার সামনে অনেক লোক জড়ো হয়ে আছে। তাদের কাছে শুনেছি বিকট শব্দে বাসার ভেতর বিস্ফোরণ হয়েছে। তখন আমরা ভাই, ভাবী ও মেয়েকে নিয়ে হাসপাতালে আসি।’
পুলিশ জানায়, আরিফের শরীরের ৮৫ শতাংশ ও রাশেদার ৫৫ শতাংশ পুড়ে গেছে। তাদের চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। রাশেদার অবস্থা সংকটাপন্ন। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। আরিফার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাকে বার্ন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিস্ফোরণে ওই বাসার দরজা-জানালা উড়ে গেছে। ভেতরের বিভিন্ন আসবাবপত্র প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাসার ভেতরে গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে বলে ধারণা আরিফের ভাই শরীফ ও স্থানীয়দের। তবে ভবন মালিক হায়দার আলী জানালেন, ভবনের কোনো বাসায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হয় না। তারা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) আবাসিক গ্রাহক। বাসায় বিস্ফোরণের পরও স্বাভাবিক ছিল বিদ্যুতের লাইন। ফলে বিস্ফোরণের কারণ তাদের কাছেও পরিস্কার নয়।তদন্তের আগে পুলিশ এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাচ্ছে না।
বন্দর থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম আগামীর সময়কে বললেন, ‘বিস্ফোরণে বাসাটি প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। দরজা-জানালা উড়ে গেছে। কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল সেটা এখনও বের করা যায়নি। বোম্ব ডিপোজাল ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।’



