পার্কিংয়ের জায়গায় ব্যবসা: ১১ ভবন মালিককে ৪১ লাখ টাকা জরিমানা

ছবি: আগামীর সময়
নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় নকশাবহির্ভূত ও অননুমোদিত স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ‘উৎসব’ সুপারশপসহ বিভিন্ন ভবনের মালিককে মোট ৪১ লাখ টাকা জরিমানা করা হয় এবং চারটি ভবন সিলগালা করা হয়।
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনের নেতৃত্বে এই অভিযান চলে। আগ্রাবাদ এক্সেস রোডের শান্তিবাগ এলাকা থেকে শুরু হওয়া এই অভিযানে উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
অনুমোদিত নকশার ব্যত্যয় (ডেভিয়েশন) এবং অবৈধ ইমারত নির্মাণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে আগ্রাবাদ এক্সেস রোডস্থ ‘উৎসব সুপার মার্কেট’-এর আউটলেটকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ২৭ নভেম্বরের মধ্যে ভবনের নকশাবহির্ভূত অংশ সংশোধনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।
সিডিএর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের এই অভিযানে মোট ১১টি ভবনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এর মধ্যে তিনটি ভবনের নকশাবহির্ভূত (ব্যতিক্রমী) অংশ ভেঙে দেওয়া হয় এবং চারটি ভবন সিলগালা করা হয়। পাশাপাশি ভবন মালিকদের কাছ থেকে ভবিষ্যতে নিয়ম মেনে চলার মুচলেকা আদায় করা হয়েছে। আগ্রাবাদ ও হালিশহর এলাকায় অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণের দায়ে এদিন ভবন মালিকদের কাছ থেকে মোট ৪১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন বলেছেন, ‘বড় বড় সুপারশপ করা হলেও কোনো পার্কিং রাখা হয়নি। ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ বা হাসপাতাল করার সময় যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়-এমন কাজ থেকে বিরত থাকতে হবে এবং সিডিএর নকশা অনুযায়ী ভবন নির্মাণ করতে হবে।’
অভিযানে সিডিএ ইমারত নির্মাণ কমিটি-২ এর চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনজুর হাসান, অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন, সহকারী অথরাইজড অফিসার, ইমারত পরিদর্শক এবং ম্যাজিস্ট্রেট শাখার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








