কারাতের মঞ্চে শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও সম্মানের বার্তা

ছবি: আগামীর সময়
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো তিন দিনের বার্ষিক কারাতে ক্যাম্প। জাপান কারাতে অ্যাসোসিয়েশন ও জেকেএ ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের আয়োজনে এ ক্যাম্প গত শনিবার শুরু হয়েছিল।
আজ সোমবার বিকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) জিমনেশিয়াম হলে সমাপনী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নগর যুবদলের সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক মুহাম্মদ শাহেদ।
জেকেএ সদর দপ্তরের টেকনিক্যাল ডিরেক্টর শিহান কাতসুতোশি শিনার পরিচালনায় তিন দিনের ক্যাম্পে কারাতেকা ও প্রশিক্ষকরা জাপানিজ শটোকান কারাতের বিভিন্ন উন্নত কৌশল, কাতা, কুমিতে ও কারাতে টেকনিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
বিশেষ কারাতে সেমিনারে অংশগ্রহণকারীরা জাপানিজ শটোকান কারাতের আধুনিক ও উন্নত প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নেন।
সমাপনী অনুষ্ঠানে মুহাম্মদ শাহেদ বললেন, ‘জাপান কারাতে শুধু একটি মার্শাল আর্ট নয়; এটি শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ, অধ্যবসায়, সৌজন্য ও আত্মবিশ্বাস গড়ে তোলার একটি অনুশীলন। কারাতে মানুষকে শুধু শারীরিকভাবে শক্তিশালী করে না। বরং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার শিক্ষা দেয়।’
জাপানের ঐতিহ্যবাহী কারাতে সংস্কৃতি বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বললেন, ‘এর মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্মান ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও কারাতের এই ইতিবাচক সংস্কৃতি আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।’
ক্রীড়া সংগঠক তানভির মল্লিকের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক টুলু উস শামসও বক্তব্য দেন।





