বন্দর চেয়ারম্যানের পদত্যাগ চাইল রক্ষা কমিটি

জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের কার্যালয়ে ট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির সভা
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানের পদত্যাগ চেয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে পরিচালনার উদ্যোগ বন্ধ এবং বন্দর রক্ষার দাবিতে এক সভায় প্রথম এই দাবি করল সংগঠনটি।
আজ মঙ্গলবার সকালে বন্দর এলাকার জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। সেই সভায় সব শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি সফলের আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার জানালেন, ‘বন্দর চেয়ারম্যান দুবাইভিত্তিক বন্দর পরিচালনা প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের স্বার্থে তাদের পক্ষে ওকালতি করছেন। তিনি একবার বলছেন আরব আমিরাতে লাখ লাখ প্রবাসী বাংলাদেশি বেকার হয়ে যাবে। আবার বলছেন বন্দরের সব যন্ত্রপাতি অচল হয়ে গেছে। তিনি দেশের বিরুদ্ধেই কাজ করছেন। এসব বক্তব্যই প্রমান করে তিনি ডিপি ওয়ার্ল্ডের লবিস্ট।’
তার অভিযোগ, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক থেকে অনিয়ম করেছেন। হাসিনার দেখানো পথেই তিনি এখনো কাজ করছেন। সরকারকে মিসগাইড বা ভুলপথে পরিচালিত করছেন। এজন্যই তার পদত্যাগ করা উচিত।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানকে মন্তব্য জানতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালে তিনি সাড়া দেননি।
মঙ্গলবার জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হারুনের সভাপতিত্বে বক্তব্য দেন বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব ফজলুল কবির মিন্টু, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সহ সাধারণ সম্পাদক ইব্রাহীম ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, বন্দর শ্রমিক দল নেতা আব্দুর রউফ লিটন, চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের সদস্য সচিব হাসিবুর রহমান বিপ্লব প্রমুখ।



