টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু হচ্ছে ইউসিটিসিতে

সংগৃহীত ছবি
চট্টগ্রামের ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাংয়ে (ইউসিটিসি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
২০২৭ সালের স্প্রিং সেমিস্টার থেকে এ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি শুরু হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক প্রজ্ঞাপনে জানিয়েছে, নতুন এ প্রোগ্রামের নাম ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এ প্রোগ্রামের মাধ্যমে বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের জন্য দক্ষ জনবল তৈরির সুযোগ বাড়বে বলে আশা করছে বিশ্ববিদ্যালয়টি।
বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানে বস্ত্র ও তৈরি পোশাকশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ খাতে পেশাভিত্তিক উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ইউসিটিসির নতুন প্রোগ্রামটি চালু করা হচ্ছে।
প্রোগ্রামটিতে ভর্তির যোগ্যতা, আসনসংখ্যা ও আবেদনপ্রক্রিয়াসহ বিস্তারিত তথ্য জানতে আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে।



