জঙ্গল সলিমপুরে ফের অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে অপরাধপ্রবণ এলাকা হিসেবে আলোচিত জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার সংবাদ সম্মেলনে জেলা পুলিশের কর্মকর্তারা জানালেন, সীতাকুণ্ড থানা পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা যৌথভাবে এ অভিযান চালিয়েছে বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত।
অভিযানে গ্রেপ্তার চারজন হলেন মোহাম্মদ রাসেল (৩০), মোহাম্মদ মোরশেদ (৩৩), মোহাম্মদ বাবু (৩২) এবং সাব্বির (৩২)। রাসেল ও মোরশেদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা আছে।
তাদের কাছ থেকে একটি শটগান, একটি চাইনিজ পিস্তল, ৯টি সিসা বুলেট, ছয়টি কার্তুজ বুলেট, একটি টেটা, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও চাঁদা সংগ্রহের তালিকাসংবলিত একটি খাতা উদ্ধার হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জুনায়েত কাউছার বললেন, ‘গ্রেপ্তার চারজন জঙ্গল সলিমপুরে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত। অভিযানের সময় তারা আলীনগর পুলিশ ক্যাম্প থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গভীর পাহাড়ে বাহাদুর ঘোনা এলাকায় অবস্থান করছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে তারা একসময় জঙ্গল সলিমপুর ছেড়ে গেলেও সম্প্রতি আবার ফিরে আসে।’




