যত্রতত্র পোস্টার, চট্টগ্রামে ৫ কোচিং সেন্টারকে জরিমানা

নগরীর যত্রতত্র পোস্টার ও ব্যনার ফেস্টুন লাগানোর কারণে ৫ কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সকালে নগরের চকবাজার এলাকায় সিটি করপোরেশন এই অভিযান চালায়।
করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার অভিযানে নেতৃত্ব দেন। তাকে সহযোগিতা করেন পুলিশ।
অভিযানের সময় উদ্ভাস, উন্মেষ, ফ্লোরেন্স নার্সিং স্কুল, ইনডেক্স ও সায়েন্স কেয়ার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমোদন ছাড়া নগরীর বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর অভিযোগ আনা হয়। এ জন্য তাদের অর্থদণ্ড করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছ থেকে নিজ উদ্যোগে ও দায়িত্বে অবৈধভাবে লাগানো পোস্টার অপসারণের অঙ্গীকারনামা (মুচলেকা) নেওয়া হয়।
নগরীর সৌন্দর্য রক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং যত্রতত্র পোস্টার-ব্যানার লাগানোর প্রবণতা বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। নগরীর সৌন্দর্য নষ্ট করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।




