পাহাড়তলীর মাছের বাজারে ১২০০ টাকার আইড়, ১৪০ টাকার লইট্টা

এক বাজারেই মিলছে ১৪০ টাকা কেজির লইট্টা থেকে শুরু করে ১ হাজার ২০০ টাকার আইড়। সামুদ্রিক, নদী ও পুকুরের হরেক প্রজাতির মাছে সাজানো চট্টগ্রাম নগরীর পাহাড়তলী মাছ বাজার।
মাছের প্রজাতি, আকার ও মানভেদে দামে রয়েছে বিস্তর পার্থক্য। তবে বাজারে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। মাসের শেষ দিকে মানুষের হাতে টাকা কম থাকায় ভালো মাছ কেনার আগ্রহ ও সামর্থ্য—দুটিই কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আজ শুক্রবার সকালে পাহাড়তলী মাছ বাজার ঘুরে দেখা গেছে, সামুদ্রিক, নদী ও পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বাজারে ছোট-বড় নানা আকারের রুই, কাতলা, লইট্টা, রূপচাঁদা, ইলিশ, চিংড়ি, টেংরা, বাইলা, আইড়, পাবদা, কাজলী ও শিং মাছ পাওয়া যাচ্ছে। মাছের আকার ও মান অনুযায়ী নির্ধারণ হচ্ছে দাম।
বাজারে ছোট আকারের রুই মাছ প্রতি কেজি ১৮০ থেকে ২৫০ টাকা এবং মাঝারি আকারের রুই ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাতল মাছও একই দামে পাওয়া যাচ্ছে। বড় আকারের কাতল বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। এ ছাড়া রূপচাঁদা ৬৫০ থেকে ৮০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার টাকা এবং মাঝারি আকারের ইলিশ ৭০০ থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৫০ থেকে ১৮০ টাকা এবং পাঙাশ ১৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
সামুদ্রিক মাছের মধ্যে লইট্টার রয়েছে নানা আকার ও মানের ভিন্নতা। ছোট আকারের সাদা লইট্টা প্রতি কেজি ১৪০ থেকে ২২০ টাকা, মাঝারি আকারের ২৬০ থেকে ৩৫০ টাকা এবং বড় আকারের লইট্টা ৩৮০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী, সন্দ্বীপ ও চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে নিয়মিত লইট্টা মাছ আসে। গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকা থেকে সরবরাহ ভালো থাকায় বাজারে এ মাছ বেশি।
মাছ ব্যবসায়ী মোহাম্মদ সোহেল বললেন, এখন বাজারে সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে সে তুলনায় ক্রেতা কম। বেশি দামে ভালো মাছ কিনে খাওয়ার মতো ক্রেতার সংখ্যা কমে গেছে। বিশেষ করে মাসের শেষ দিকে মানুষের হাতে টাকা কম থাকায় বাজারে ক্রেতার সংকট আরও বেশি দেখা যাচ্ছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, মাছের দাম নির্ভর করে সরবরাহ, আহরণের পরিমাণ, আকার ও মানের ওপর। সামুদ্রিক মাছের ক্ষেত্রে আবহাওয়ার প্রভাব বেশি। অন্যদিকে নদী ও পুকুরের মাছের সরবরাহ এবং চাহিদার ওপরও দামের তারতম্য ঘটে।
পাহাড়তলী বাজারে মাছ কিনতে আসা বেসরকারি চাকরিজীবী আব্দুল ওয়াহিদ বললেন, ‘অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে মাছের দাম কিছুটা কম। এখানে তুলনামূলক তরতাজা মাছও পাওয়া যায়। তবে সামুদ্রিক মাছের দাম একটু বেশি।’



