সাঙ্গু নদে ডুবে ভাই-বোনের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিলাইষ ঘাটঘর এলাকায় এ ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম এসব জানিয়েছেন।
মৃত দুই শিশু হলো, মাহিয়া আক্তার (৬) ও মোহাম্মদ মাহিন (৫)। তারা ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ডলু নয়াপাড়া এলাকার কৃষক মোহাম্মদ বেলালের সন্তান।
আমিলাইষ ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নেজাম উদ্দিন জানালেন, আজ সকালে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে দুই শিশু। তারা নদীর তীরে খেলা করছিল। হঠাৎ পানিতে পড়ে ডুবে যায়।
তাদের কোথাও না পেয়ে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। কিছু সময় পর দুজনের দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় লোকজন। তাদের উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।





