আনোয়ারায় তিন রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা

ছবি: আগামীর সময়
চট্টগ্রামের আনোয়ারায় খাবারে ক্ষতিকর রঙ ও রাসায়নিকের ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে তিনটি রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার চাতুরী-চৌমুহনী ও টানেল এলাকায় অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পায় সংস্থাটি। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান। এ সময় আনোয়ারা থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযানে ভোজন বাড়ি রেস্তোরাঁকে খাবারে ক্ষতিকর রঙ, গোলাপজল ও কেওড়াজলের মতো রাসায়নিক ব্যবহারের প্রমাণ মেলে। পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও প্রক্রিয়াজাত করার কারণে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণের দায়ে টানেল ভিউ রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, সাদিয়া'স কিচেন নামের একটি প্রতিষ্ঠানে বাসি শর্মা ও চিকেন সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান শেষে সহকারী পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান বললেন, অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে নিয়মের ব্যত্যয় পাওয়া গেছে। কোথাও অননুমোদিত রঙ ও রাসায়নিক ব্যবহার করা হচ্ছিল। আবার কোথাও বাসি খাবার সংরক্ষণ করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তাদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ সময় পচা-বাসি খাবার ও ক্ষতিকর রঙ ধ্বংস করা হয়েছে বলেও জানালেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।



