ফুটবল খেলায় বিশৃঙ্খলা, এমপি সাঈদ আল নোমানের গাড়ি ভাঙচুর

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা
চট্টগ্রাম নগরীর হালিশহরে ফুটবল খেলায় দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থাকা সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পুলিশ দ্রুত তাকে মাঠ থেকে সরিয়ে নিয়ে যান। সাঈদের সমর্থকরা এ হামলার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সন্দেহ করছে।
আজ বুধবার বিকালে নগরীর হালিশহর বিডিআর মাঠে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, সাঈদ আল নোমানের গাড়ি ভাঙচুরের ঘটনা পরিকল্পিত নাশকতা কি না, তারা খতিয়ে দেখছে।
হালিশহর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল আগামীর সময়কে বললেন, ‘স্থানীয়ভাবে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল। এমপি সাঈদ আল নোমান সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খেলা চলাকালে দুদলের খেলোয়াড়দের মধ্যে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিরোধ হয়। একপর্যায়ে সমর্থকরা দলে দলে মাঠের ভেতর ঢুকে পড়লে বেশ বিশৃঙ্খলা তৈরি হয়। তখন আয়োজকরা খেলা স্থগিত ঘোষণা দেন। এতে উত্তেজনা আরও বাড়ে।’
ওসি আরও জানালেন, খেলা স্থগিত ঘোষণার পর উভয়পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া এবং বাঁশ ও ইটের টুকরো নিয়ে পরস্পরকে আক্রমণ করেন। সাঈদ আল নোমানকে পুলিশ ও নেতাকর্মীরা মিলে মাঠ থেকে সরিয়ে নিচ্ছিলেন। তিনি গাড়িতে গিয়ে চালকের পাশের আসনে বসেন। এ সময় মাঠ থেকে ছোঁড়া বাঁশ ও ইটের টুকরো এসে পড়ে গাড়ির সামনের কাচ ভেঙে যায়।
সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত থাকা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু আগামীর সময়কে বললেন, ‘অল্পের জন্য এমপি মহোদয় রক্ষা পেয়েছেন। তিনি গাড়ির ভেতরে না থাকলে ইটের টুকরোর আঘাতে আহত হতেন। হঠাৎ খেলার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা রহস্যজনক বলে আমাদের কাছে মনে হচ্ছে। এমপি সাহেবের নেতৃত্বে আমরা এরই মধ্যে কয়েকটা ফ্যাসিবাদবিরোধী কর্মসূচি করেছি। গতকালও (মঙ্গলবার) বিশাল গণমিছিল হয়েছে। এ কারণে নিষিদ্ধ দলের সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে উনাকে আক্রমণ করতে পারেন বলে আমাদের ধারণা।’
ওসি জয়নাল আবেদীন মণ্ডল বললেন, ‘ঘটনাটি নাশকতা হতেও পারে। আমরা তদন্ত করে দেখছি।’




