চট্টগ্রাম
জামায়াতের সমাবেশ থেকে বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি

ছবি: আগামীর সময়
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করা হয়েছে।
আজ সোমবার বিকালে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর কমিটির সহকারী সেক্রেটারি খাইরুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান।
সমাবেশে জামায়াত নেতারা বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি করে বললেন, ‘রাতের আঁধারে জনগণের ওপর সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দিয়েছে। মানুষের আয়-রোজগার বাড়ছে না। জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। জনগণের দুর্ভোগ নিয়ে সরকারকে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জনগণের ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। দেশের মানুষের দুর্ভোগ লাঘবে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে জনগণ রাজপথে তার জবাব দেবে।’
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদীঘি মোড়ে গিয়ে শেষ হয়।




