ভূজপুরে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

ভূজপুর থানা
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি চা বাগানের সহকারী ব্যবস্থাপকসহ দুজনকে কুপিয়ে সোয়া ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে 'ফটিকছড়ি উত্তর' উপজেলার ভুজপুর পঞ্চবটি চা-বাগানের প্রবেশমুখে এই ঘটনা ঘটে।
এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে চা বাগানটির সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ ও এক পল্লি চিকিৎসক বাবুল দাশ আহত হন।
ঘটনার পর দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। তবে টাকাভর্তি ব্যাগ নিয়ে একজন পালিয়ে যায়।
পুলিশ ও বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নেপাল কান্তি দাশ ও বাবুল দাস নারায়ণহাট কৃষি ব্যাংক থেকে চা-বাগানের ৭ লাখ ২০ হাজার টাকা তুলে ফিরছিলেন। পথে বাগানের প্রবেশমুখে তিনজন ছিনতাইকারী তাদের গতিরোধ করেন। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে নেপাল কান্তি দাশ ও বাবুল দাশকে কুপিয়ে জখম করা হয়। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এ সময় তারা ধাওয়া দিয়ে এক ছিনতাইকারীকে আটক করে।
তার নাম মো. আবু (২৩)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মো. জিহান (২৫) নামের আরও একজনকে আটক করা হয়। পরে তাদের ভূজপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার প্রতিবাদে চা বাগানের শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ উপস্থিত হন।
পঞ্চবটি চা-বাগানের ব্যবস্থাপক অর্জুন কুমার নাথ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত দুজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, 'এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করা এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারে চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



