চট্টগ্রাম থেকে সরাসরি সালালাহ যাচ্ছে সালাম এয়ার
- প্রবাসীদের যাতায়াতে সময় কমবে, সপ্তাহে চলবে দুটি ফ্লাইট

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু করছে সালাম এয়ার। আগামীকাল বুধবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ রুটে প্রথম ফ্লাইট পরিচালিত হবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট চলবে। যাত্রীদের সাড়া পাওয়া গেলে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ওমানের ধোফার প্রদেশের রাজধানী সালালাহতে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস ও কাজ করেন। নির্মাণশিল্প, কৃষি, বাগান ব্যবস্থাপনা, ফলমূল ও শাকসবজির ব্যবসা, মৎস্য আহরণ এবং সালালাহ ফ্রি জোনের বিভিন্ন কারখানায় কাজ করেন তারা। এসব প্রবাসীকে লক্ষ্য করেই সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সালাম এয়ার।
এত দিন সালালাহগামী বাংলাদেশি যাত্রীদের ওমানের রাজধানী মাসকাট হয়ে গন্তব্যে যেতে হতো। এতে যাত্রার সময় ও খরচ দুটিই বাড়ত। নতুন ফ্লাইট চালু হলে চট্টগ্রামসহ আশপাশের অঞ্চলের প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে।
সালাম এয়ারের চট্টগ্রাম বিমানবন্দরের এয়ারপোর্ট সার্ভিসেস ম্যানেজার শাহনাজ আলম বললেন, সালালাহকে নতুন হাব হিসেবে গড়ে তুলেছে সালাম এয়ার। এ হাব থেকে সৌদি আরবের জেদ্দা, ভারতের কালিকট ও বাংলাদেশের চট্টগ্রামকে নতুন গন্তব্য হিসেবে যুক্ত করা হচ্ছে।
শাহনাজ আলম জানান, চট্টগ্রাম-ওমান রুটে আগে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করত সালাম এয়ার। এর মধ্যে দুটি ফ্লাইট এখন চট্টগ্রাম-সালালাহ রুটে চলবে। বাকি ১২টি ফ্লাইট চট্টগ্রাম-মাসকাট রুটে চলবে। এসব ফ্লাইটে এয়ারবাস এ৩২১ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের ভ্রমণের সময়ও উল্লেখযোগ্যভাবে কমবে। আগে ট্রানজিটসহ সালালাহ পৌঁছাতে ১০ থেকে ১২ ঘণ্টা বা তারও বেশি সময় লাগত। সরাসরি ফ্লাইটে সময় লাগবে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা।
চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালী অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ ওমানে বসবাস করেন। তাদের অনেককে আগে ঢাকা হয়ে মাসকাট, এরপর সালালাহ যেতে হতো। নতুন ফ্লাইট চালু হলে তাদের দীর্ঘ পথ ঘুরে যাওয়ার ভোগান্তি কমবে।
এ রুটে ওমরাহ যাত্রীদেরও সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) চট্টগ্রামের সাবেক সভাপতি শাহ আলম বললেন, খরচ কমাতে ওমরাহ যাত্রীরা আগে মাসকাট হয়ে জেদ্দা বা মদিনায় যেতেন। এখন সালালাহ হয়ে জেদ্দা যাওয়ার বিকল্প তৈরি হচ্ছে। খরচ ও যাত্রাবিরতির সময় সহনীয় থাকলে এ রুটে ওমরাহ যাত্রী পাওয়া যেতে পারে।
সালাম এয়ার ওমান সরকারের শতভাগ মালিকানাধীন একটি স্বল্প ব্যয়ের বিমান সংস্থা। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এ সংস্থা বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে বাংলাদেশে সপ্তাহে মোট ২৪টি ফ্লাইট পরিচালনা করছে। সালালাহ রুটে এটিই তাদের বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইট।
সালাম এয়ারের নতুন গন্তব্য সম্প্রসারণের অন্যতম লক্ষ্য প্রবাসী বাংলাদেশি ও ভারতীয় যাত্রীদের সরাসরি যাতায়াতের সুযোগ তৈরি করা। সালালাহ অঞ্চলে বাংলাদেশিদের পাশাপাশি ভারতের কেরালা রাজ্যের বিপুলসংখ্যক মানুষ বসবাস করেন। এত দিন সালালাহ থেকে কেরালায় যেতে তাদের মাসকাট বা সংযুক্ত আরব আমিরাত হয়ে যাত্রা করতে হতো। সালালাহ-কালিকট সরাসরি ফ্লাইট চালু হলে তাদের যাতায়াতও সহজ হবে।
সালাম এয়ার বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের ২৪টি দেশের ৪৬টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। সংস্থাটির দাবি অনুযায়ী, এসব গন্তব্যে তাদের নিয়মিত ফ্লাইটের রুটসংখ্যা ১০০টির বেশি।



