পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ভোরের দিকে উপজেলার চক্রশালা স্টেশনের কাছাকাছি বাহুলী রেলক্রসিং এলাকায় এ ওই নারীর লাশ পাওয়া যায়।
পটিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবদুস সালাম বলেন, রেলপথে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রেললাইনের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এতে তার একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান।
স্থানীয়দের ধারণা, ভোরে বা সকালে চলাচলকারী ট্রেনগুলোর কোনো একটির নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। এ রুটে প্রতিদিন ভোর ৪টায় চট্টগ্রাম থেকে মহানগর এক্সপ্রেস, সকাল ৬টায় কক্সবাজার এক্সপ্রেস এবং সকাল ৭টায় সৈকত এক্সপ্রেস পটিয়া স্টেশন হয়ে চলাচল করে। তবে কোন ট্রেনের নিচে এ দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
রেলওয়ে পুলিশের হাবিলদার উজ্জল দাস জানিয়েছেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা তার পরিচয় সনাক্ত করতে পারেনি। আমরা ইতোমধ্যে থানায় জানিয়েছি। পরিচয় সনাক্তে পুলিশ ও কাজ করছে।




