চট্টগ্রামে বাস–লেগুনা সংঘর্ষ : নিহত তিন, আহত ২৫

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, হাসপাতালে আনা ১৫ জনের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিৎসক। নিহত তিনজন পুরুষই বাসের যাত্রী। বয়স আনুমানিক ৩০ থেকে ৬০ বছরের মধ্যে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
‘আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে আরও,’ যোগ করেছেন এসআই আলাউদ্দিন।
এদিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম বলেছেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস এবং অভ্যন্তরীণ রুটে চলাচলকারী একটি লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে অন্তত আটজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় চমেক হাসপাতালে। পরে আরও ১৬ থেকে ১৭ জন উদ্ধার করা হয়েছে আহত অবস্থায়।






