স্বাস্থ্যসেবার লক্ষ্যে থাইল্যান্ডের প্রতিষ্ঠানের সঙ্গে খুলশী ক্লাবের চুক্তি

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, রোগের আগাম ঝুঁকি শনাক্তকরণ ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা বিষয়ে পরামর্শের জন্য থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান জেনেসেন গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে চট্টগ্রামের খুলশী ক্লাব লিমিটেড।
এ সমঝোতার আওতায় দুই দেশের মধ্যে স্বাস্থ্য, সুস্থতা ও দীর্ঘায়ু বিষয়ে বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় এবং স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) নগরের খুলশী ক্লাবে আয়োজিত ‘চট্টগ্রাম ওয়েলনেস, লংজেভিটি অ্যান্ড হেলথ এডুকেশন ডে’ অনুষ্ঠানে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আয়োজনে সহযোগিতা করে রিজুভা ওয়েলনেস।
অনুষ্ঠানে বক্তারা জানিয়েছেন, শুধু আয়ু বাড়ানো নয়, দীর্ঘ সময় সুস্থ ও কর্মক্ষম থাকাই আধুনিক স্বাস্থ্যসেবার লক্ষ্য। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক সুস্থতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে দীর্ঘদিন সুস্থ থাকা সম্ভব। ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা ও পারিবারিক স্বাস্থ্য ইতিহাস বিবেচনায় চিকিৎসাসেবা পরিকল্পনার গুরুত্বও তুলে ধরেন তারা।
দিনব্যাপী আয়োজনে চিকিৎসকদের সঙ্গে ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ, স্বাস্থ্যবিষয়ক তথ্য পর্যালোচনা, বৈজ্ঞানিক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়। সেমিনারে দীর্ঘায়ু, রোগ প্রতিরোধ ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা নিয়ে ছয়টি বিষয়ভিত্তিক উপস্থাপনা করা হয়।
অনুষ্ঠানে খুলশী ক্লাবের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল, উপদেষ্টা ডা. এম এ করিম, সাবেক সভাপতি শামসুল আলম ও আহমেদুল হক আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সহ সভাপতি নাছির উদ্দিন, সাবেক সহ সভাপতি অমল চন্দ্র দাশ, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শামসুদ্দিন, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী, মো. ফখরুল আলম, জেনেসেন গ্রুপের চিকিৎসক ওম সুচুমফিয়া এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক পরিচালক ডা. শাহরিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।



